
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তঃজেলা মাদকবিরোধী অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৩ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা–রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন
১। শাকিল আহমেদ (১৯), গ্রামচন্দ্রখানা, ইউনিয়ন ফুলবাড়ী, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম; পিতা বুলবুল হোসেন, মাতা ছামেনা বেগম।
২। নাহিদ হাসান (২০), গ্রাম কুটি চন্দ্রখানা, ইউনিয়ন ফুলবাড়ী, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম; পিতা মোসলেম উদ্দিন, মাতা মৃত নুর বানু।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মোস্তফা জীমান বাদী হয়ে এ ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম ঢাকা মেট্রো-ব ১৫-৮৯৫১ নম্বরের “আল-আমিন” নামক যাত্রীবাহী বাসটি আটক করে তল্লাশি চালায়। এসময় বাসের ভেতর G-3 এবং G-4 সিটে বসা দুই টিকিটবিহীন যাত্রী শাকিল ও নাহিদের দেহ তল্লাশিতে স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। ঘটনাস্থলেই আলামত ওজন করে নমুনা সংগ্রহ শেষে সিলগালা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক মোস্তফা জীমান। এতে সহকারী উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমানসহ সাতজন কনস্টেবল অংশ নেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা পরস্পর বন্ধু এবং বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা বহন করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১৯ (ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয় তদন্ত করছে।