
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকায় সিকল দিয়ে বাঁধা অবস্থায় পায়েল (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত পায়েল ওই এলাকার আত্তাব আলীর ছেলে।
২ আগস্ট শনিবার সকালে নিজ শয়নকক্ষে পায়েলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় মরদেহের দুই হাত ও পায়ে সিকল লাগানো অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের দাবি, পায়েল মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় মাঝে মধ্যে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতেন। এজন্য পরিবারিকভাবে তাকে হাত-পায়ে সিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে দাবি করছেন।
তবে স্থানীয়দের অনেকে পায়েলের এমন অবস্থায় মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন। তাঁদের প্রশ্ন, হাত-পায়ে সিকল লাগানো অবস্থায় কেউ কিভাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারে?
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি স্পষ্ট হবে। আমরা তদন্ত শুরু করেছি।