
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলা শহরে পরিচালিত এক বিশেষ অভিযানে চারটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. রেজওয়ান আহমেদ।
সিলগালা করা ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো—
১. শহরের হাসপাতাল রোডে অবস্থিত নিউ সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার
২. কাচারি বাজারে অবস্থিত ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার
৩. কলেজ রোডে অবস্থিত সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টার
৪. সদরের তুলসীঘাট বাজারে অবস্থিত ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার
ডা. মো. রেজওয়ান আহমেদ জানান, উল্লিখিত প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ব্যতীত দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়াও সেন্টারগুলোতে প্রয়োজনীয় বৈধ কাগজপত্রের ঘাটতি, মেয়াদোত্তীর্ণ টেস্ট কিট ও চিকিৎসা সরঞ্জামের ব্যবহার পাওয়া যায়। এসব অনিয়ম ও স্বাস্থ্যঝুঁকির কারণে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে এই ধরনের অভিযান চলমান থাকবে।