
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর শুক্রবার সকালে গাইবান্ধা জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন। বেলা ১০টার দিকে পৌর শহরের শচীন চাকী সড়কে অবস্থিত স্টেডিয়ামের মাঠ ও সার্বিক অবস্থা ঘুরে দেখেন তিনি।
পরিদর্শন শেষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্টেডিয়ামের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। সঞ্চালনায় ছিলেন সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, বিসিবির আম্পায়ার শাকির, জেলা ক্রীড়া কর্মকর্তা আলমগীর হোসেন, বিসিবি কাউন্সিলর শহিদুজ্জামান শহিদ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য উজ্জ্বল চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তারা।
সভায় বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন,
ঢাকার মতো সারাদেশে সমানভাবে ক্রিকেট ছড়িয়ে দিতে চাই আমরা। তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে-তাহলেই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ আরও শক্তিশালী হবে।
গাইবান্ধা জেলা স্টেডিয়াম সম্পর্কে তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, মাঠটি সম্ভাবনাময় এবং ক্রিকেটের উপযোগী পরিবেশ গড়ে তোলার সুযোগ রয়েছে। তবে উন্নয়ন ও সংস্কারের জন্য কিছু প্রয়োজনীয় বিষয়ও তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে-ঘাস কাটার মেশিন, রোলার, নারীদের জন্য পৃথক ড্রেসিং রুম, ইনডোর প্র্যাকটিস সুবিধা, প্রশিক্ষণ অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম শক্তিশালীকরণ।
তিনি আশ্বাস দিয়ে বলেন,
স্টেডিয়ামের এসব প্রয়োজনীয় উপকরণ ও উন্নয়ন সামগ্রী খুব দ্রুতই বিসিবির পক্ষ থেকে সরবরাহ করা হবে।
গাইবান্ধা জেলা ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে বিসিবি পরিচালকের এ সফর ও উন্নয়নের প্রতিশ্রুতি।