
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে পরিচালিত ১টি বেসরকারি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত শনিবার ২৭শে সেপ্টেম্বর দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিউ লাইফ ক্লিনিক অ্যান্ড কনসালটেশন সেন্টার ও নিউ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড ডেন্টাল এন্ড ফিজিওথেরাপি সেন্টারকে অবৈধভাবে পরিচালিত করার দায়ে ১৫ হাজার টাকা এবং রেখা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে লাইসেন্স নবায়ন না করা,যোগ্য চিকিৎসক ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালনা,স্বাস্থ্যবিধি না মানা এবং আধুনিক যন্ত্রপাতির ঘাটতিসহ নানা অনিয়মের কারণে এ দণ্ড দেওয়া হয়েছে।
প্রশাসনের কর্মকর্তারা জানান,জনস্বার্থে রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত করা হবে। যারা আইন অমান্য করে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চালাচ্ছেন,তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানকালে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।