
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সাব- রেজিষ্ট্রি অফিসের অনিয়ম দুর্নীতির বিচার বিভাগীয় তদন্ত, দলিল সম্পাদনে অতিরিক্ত টাকা আদায় ও জাল দলিল সম্পাদন,টাকার বিনিময়ে ভলিউম বইয়ের পাতা ছিঁড়ে ফেলা, একই পে-অর্ডার দেখিয়ে একাধিক দলিল সম্পাদন করে শতশত কোটি টাকা লুটপাটের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধার বাম প্রগতিশীল রাজনৈতিক দল সমুহের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১১টায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে ওয়ার্কাস পার্টির পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য কমরেড মনজুর আলম মিঠু।বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী ওয়ার্কাস পার্টির জেলা সম্পাদক রেবতী বর্মন, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি এ্যাডঃ মোস্তাফা মনিরুজ্জামান, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক এ্যাডঃ নওশাদুজ্জামান,রাস্ট্র সংস্কার আন্দোলনের জেলা সদস্য কনক প্রমুখ।বক্তারা বলেন গাইবান্ধা সাব -রেজিস্ট্রি অফিসে সমিতির নামে প্রতিদিন অন্তত ৬০-৭০ হাজার টাকা হাতিয়ে নেয়া হচ্ছে! এছাড়াও নকল তোলা বাবদ অতিরিক্ত অর্থ আদায়, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো একই পে-অর্ডার দেখিয়ে একাধিক দলিল সম্পাদন করার ফলে অনেকের জমির দলিল সম্পুর্ন হয়নি, এসব দলিলের সার্টিফাই কপি রেজিষ্ট্রি অফিসে না-পেয়ে গ্রাহকের মাথায় আকাশ ভেঙে পড়েছে! বক্তারা বলেন অবিলম্বে বিচারবিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমুল শাস্তি দিতে হবে এবং দুর্নীতির কারণে যেসকল দলিল হয়নি সেগুলো পুনরায় সম্পাদন করে গ্রাহকের নিকট আসল দলিল বুঝিয়ে দিতে হবে। অন্যথায় জেলার ভুক্তভোগী গ্রাহকদের নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহবান জানান।