
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। মনোনয়ন প্রত্যাশী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা জাহিদ হাসান জীবন ২২ নভেম্বর শনিবার দিনভর ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ঐতিহ্যবাহী ফুলছড়ি হাট ও ফুলছড়ি ঘাটে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। দোকানদার, ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের কাছে গিয়ে তিনি দলীয় প্রতীক শাপলা কলি মার্কায় ভোট প্রার্থনা করেন এবং এলাকার শান্তি, উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে তার পাশে থাকার আহ্বান জানান।
গণসংযোগকালে জীবন বলেন,
“ফুলছড়ি-সাঘাটা আমার প্রাণের এলাকা। মানুষের দুঃসময়-সুখে পাশে থাকার চেষ্টা করেছি। সুযোগ পেলে নদীভাঙন রোধ, শিক্ষা-স্বাস্থ্য উন্নয়নসহ এলাকায় বড় পরিবর্তন আনতে চাই।”
তার এই প্রচারণায় স্থানীয় এনসিপি নেতাকর্মীরা অংশ নেন। দিনভর প্রচারণাকে কেন্দ্র করে হাট-ঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা বলছেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, গাইবান্ধা-৫ আসনের প্রতিদ্বন্দ্বিতা ততই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।