
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রায় ৮৫ শতাংশ এলাকাই এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। জাতিসংঘ বলছে, এসব অঞ্চল থেকে হাজারো বাসিন্দাকে জোরপূর্বক উচ্ছেদ করে সরিয়ে দেওয়া হচ্ছে আরও সংকুচিত এবং অনিরাপদ এলাকাগুলোতে।
বুধবার (৩ জুলাই) জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে জানান, ইসরায়েলি বাহিনী গাজার বাসিন্দাদের মানবিক সহায়তা পাওয়ার পথ বন্ধ করে দিচ্ছে। ত্রাণকর্মীদের বাধা দেওয়ায় বিপদের মধ্যে থাকা মানুষের কাছে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, সম্প্রতি গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে দুটি এলাকায় উচ্ছেদের আদেশ জারি করা হয়েছে। সেখানে প্রায় ৮০ হাজার মানুষ বসবাস করেন। উচ্ছেদের ফলে ওই অঞ্চলের প্রধান পানি সরবরাহ কেন্দ্র আল সাতার জলাধারে প্রবেশ বন্ধ হয়ে গেছে।
আল সাতার জলাধারটি খান ইউনিসের প্রধান পানি সরবরাহ ব্যবস্থা, যেখানে ইসরায়েলি পাইপলাইন থেকেও পানি আসে। জলাধারটি ক্ষতিগ্রস্ত হলে শহরজুড়ে পানি সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এতে করে পুরো এলাকায় ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হতে পারে।
ডুজারিক বলেন,
“ইসরায়েলের উচ্ছেদ অভিযান শুধু মানুষকে নয়, জরুরি পরিষেবাগুলোকেও বিপর্যস্ত করছে।”
জাতিসংঘের তথ্য অনুযায়ী, মার্চে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে গাজা উপত্যকায় ১ লাখ ১৪ হাজারের বেশি মানুষ আবার বাস্তুচ্যুত হয়েছেন।
এর মধ্যে মাত্র ২৪ ঘণ্টায়—রোববার থেকে সোমবার—২৯ হাজারের বেশি মানুষ উচ্ছেদের শিকার হয়েছেন।
