
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক রিপন মিয়া (২৮) নিহত হয়েছেন।রবিবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর বৈঠাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ চালক রিপন মিয়া ঢাকার মিরপুর মাজার রোড এলাকার ছোলেমান মাতুব্বরের ছেলে।
স্থানীয়রা জানায়, বগুড়াগামী একটি পিকআপ দ্রুতগতিতে যাওয়ায় সময় বৈঠাখালি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।
এতে পিকআপটির সামনের অংশ ভেঙে ট্রাকের সঙ্গে আটকে যায়। এ সময় পিকআপ চালক রিপন মিয়া ড্রাইভিং সিটে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল এসে আটকা পড়া পিকআপ থেকে চালকের মরদেহ উদ্ধার করে।
পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ গিয়ে ক্ষতিগ্রস্ত পিকআপ ও চালকের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।