
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে বালু বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোরশেদা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছে।
রবিবার (৪ মে) দুপুরে উপজেলার কাটাখালি সেতুর দক্ষিণ পাশে হাওয়াখানা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মোরশেদা বেগম উপজেলার তালুককানুপর ইউনিয়নের সুন্দইল গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের সহধর্মিণী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোরশেদা বেগম বাড়ি থেকে অটোভ্যান যোগে স্বামী রফিকুল ইসলামের সাথে গোবিন্দগঞ্জ শহরে আসার পথে ঢাকা-রংপুর মহাসড়কের কাটাখালি সেতুর দক্ষিণ পাশে হাওয়াখানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি বালু বোঝাই ট্রাক্টর তাদের অটোভ্যানটিকে স্বজোরে ধাক্কা দেয়। এসময় মোরশেদা বেগম অটোভ্যান থেকে ছিটকে পড়ে গিয়ে ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।