
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজনসহ মোট পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চুরি ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট (মঙ্গলবার) দিবাগত রাতে গাইবান্ধা জেলা র্যাব ও গোবিন্দগঞ্জ থানার যৌথ টিম গাজীপুর জেলা র্যাবের সহযোগিতায় গাজীপুর থেকে নওগাঁ জেলায় অপহরণ ও হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি খাজা মিয়া (৪৫) এবং মুজাহিদ (৩৫) কে গ্রেফতার করে।
এছাড়া পারিবারিক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত দুই আসামি রাকিব হাসান (২৫) ও লিঠু শেখকে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। অন্যদিকে, ডেভিল হান্ট অভিযানে মহিমাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহেনুল ইসলাম (৫০) কে গ্রেফতার করে পুলিশ।
অভিযান চলাকালে বিভিন্ন সময়ে থানায় দায়ের হওয়া সাধারণ ডায়েরি (জিডি) এর ভিত্তিতে চুরি ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং পরবর্তীতে সেগুলো মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।