
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে সাত কেজি শুকনা গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার সেলিম রেজার নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আটককৃতরা হলেন– রাজন হোসেন (২০), পিতা: মতিউর রহমান; আল আমিন বিশ্বাস (৪২), পিতা: মৃত হোসেন আলী; এবং আয়েশা খাতুন (৩২), স্বামী: আলামিন হোসেন। তিনজনই পাবনা জেলার ইশ্বরদী থানার বহরপুর গুচ্ছগ্রামের (আশ্রয়ন প্রকল্প) বাসিন্দা।
পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ পৌর এলাকার ডাচ্ বাংলা ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে বিশেষভাবে (বডি ফিটিং পদ্ধতিতে) লুকানো অবস্থায় প্রত্যেকের কাছ থেকে ২.৫ কেজি করে মোট ৭.৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।