
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ কেজি গাঁজাসহ রিপন সরকার (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা।
গত সোমবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার হাসপাতাল মোড় এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে।
আটককৃত রিপন সরকার জেলার সাদুল্লাপুর উপজেলার গঙ্গানারায়ণপুর (সরকারপাড়া) গ্রামের বাসিন্দা মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (সোমবার) দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের হাসপাতাল মোড় এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে রংপুর থেকে সিরাজগঞ্জগামী একটি দ্রুতগতির মোটরসাইকেলের সাথে একটি কুকুরের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা ব্যাগ ছিড়ে গাঁজা মহাসড়কের ওপর ছড়িয়ে পড়ে। এসময় মহাসড়কের আশেপাশে থাকা লোকজন গাঁজাসহ মাদক কারবারি রিপনকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মাদক কারবারি রিপন সরকারকে আটক করে। সেই সাথে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ ৬ কেজি গাজা জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, আটককৃত মাদক কারবারি ৩০ হাজার টাকার বিনিময়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে গাঁজাগুলো সরবরাহের দায়িত্ব নিয়েছিল। এঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।