
মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি
ভেজাল পণ্য এবং নিম্নমানের শিশুখাদ্য বিক্রির অপরাধে আলমডাঙ্গার ঘোলদাড়ি এলাকায় এক প্রতিষ্ঠান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টার দিকে ঘোলদাড়ি বুড়াপাড়া বাজারের মেসার্স বাবলু এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযান সূত্রে জানা গেছে, রবিবার বিকাল ৩টার দিকে আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি বুড়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শিশুখাদ্য ও অন্যান্য পণ্যের ডিলারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় বুড়াপাড়ায় মেসার্স বাবলু এন্টারপ্রাইজ নামক একটি ডিলার প্রতিষ্ঠানে তদারকিতে মেয়াদ, মুল্যবিহীন অননুমোদিত ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রি, নকল ভেজাল পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বাবলুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪১ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়, ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম।