
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
চাঁদার দাবিকে কেন্দ্র করে টাঙ্গাইল সদর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র এক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাতে সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত ব্যক্তি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান জেলা বিএনপির সাবেক সদস্য-সচিব মাহমুদুল হক সানুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, “বিশ্বাস বেতকা ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাদ আহমেদ সবুজের নেতৃত্বে একটি গ্রুপ বেশ কিছুদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বিএনপি নেতারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।