
মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলামকে (৪৪) আটক করেছে র্যাব। রোববার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার হাসপাতাল পাড়া থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ জানান, গত ৫ আগস্ট বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মীরা দেশী ও বিদেশী অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় গত ২৮ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে ওই মামলা করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেন। পরে মামলাটি মেহেরপুর সদর থানায় নথিভুক্ত করা হয়।মামলা দায়েরের পর থেকে আসামি ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার হাসপাতাল পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মফিজুল ইসলামকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।