
মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির ১০ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে ২২৯ জন শিক্ষার্থীর মাঝে এ চেক বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মজনু রহমান, ৩নং ওয়ার্ড সদস্য অ্যাড. সিরাজুল ইসলাম, ২নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য কহিনুর বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, সহকারী প্রকৌশলী আনিসা বেগম, হিসাবরক্ষক আসলাম উদ্দিন ও সিএ জালাল উদ্দিনসহ জেলা পরিষদের কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার জন্য সারাদেশে ৩৭ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াতে শিক্ষকদের আরো যত্নবান হতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের একসাথে কাজ করতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।
চুয়াডাঙ্গা জেলা পরিষদে বৃত্তির জন্য ৭৩৩ জন ছাত্র-ছাত্রী আবেদন করেন। এরমধ্যে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ৯৯ জনকে ৪ হাজার টাকা করে ৩ লাখ ৯৬ হাজার টাকা, মানবিক বিভাগে ৩৩ জনকে ৪ হাজার টাকা করে ১ লাখ ৩২ হাজার টাকা, বাণিজ্য বিভাগে ১০ জনকে ৪ হাজার টাকা করে ৪০ হাজার টাকা, বিশ^বিদ্যালয় পর্যায়ে ৫০ জনকে ৫ হাজার টাকা করে ২ লাখ ৫০ হাজার টাকা, মেডিকেল/ ডেন্টাল কোর্সে ১৮ জনকে ৬ হাজার টাকা করে ১ লাখ ৮ হাজার টাকা এবং প্রকৌশল বিভাগে ১৯ জনকে ৬ হাজার টাকা করে ১ লাখ ১৪ হাজার টাকা প্রদান করা হয়।