
শহিদুল্লাহ মনসুর, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষা সমাপনী উৎসবের ঐতিহ্যের অংশ ‘রাজা-রানি’ নির্বাচন। বিশ্ববিদ্যালয় শিক্ষা সমাপনীর পর উৎসবমুখর পরিবেশে ক্যাম্পাস ছেড়ে যান শিক্ষার্থীরা। এই আয়োজনের প্রথম এবং প্রধান আকর্ষণ থাকে সমাপন-ব্যাচের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে রাজা-রানি নির্বাচন।
শুক্রবার সকাল ৯ টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ভবনে ভোটগ্রহণ শুরু হয়। এরপর রাত ৯ টায় ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়।
জাবি ৪৪ তম আবর্তনের শিক্ষা সমাপনী উৎসবের রাজা পদে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী নিক্সন খান ও রানি পদে একই বিভাগের শিক্ষার্থী সাকিনা ইসলাম ঈষিকা নির্বাচিত হয়েছেন। তাদের প্রাপ্তভোট যথাক্রমে ৪৮৫ ও ৩৭৭ টি।
এবারের নির্বাচনে রাজা-রানি পদে দুজন করে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাজা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলা বিভাগের শিক্ষার্থী শাকিল মাহমুদ মিহির এবং রানি পদে চারুকলা বিভাগের শিক্ষার্থী মুনতাকা ইবনাত তুবা । তাদের প্রাপ্তভোট সংখ্যা যথাক্রমে ২২০ ও ৩২২ টি।
৪৪ তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের এই নির্বাচনে ভোটার সংখ্যা ছিল প্রায় ২ হাজার ১২৫ জন। সেখানে মোট ভোট পড়েছে ৭২৫টি।
নির্বাচন কমিশনার ফরিদ উদ্দিন বলেন, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা ভোটকেন্দ্রে এসেছেন। নামাজের পর ভোটারসংখ্যা আরও বেড়েছে।
প্রধান নির্বাচন কমিশনার রাহুল মন্ডল জানান, শুক্রবার অনেকের চাকরির পরীক্ষা থাকায় ভোটার সংখ্যা কিছুটা কম ছিল। বিকালে ভোটার সংখ্যা কিছুটা বেড়েছে। অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে।
প্রসঙ্গত, জাবির শিক্ষা সমাপনী উৎসবের অন্যতম অনুষঙ্গ হিসেবে রাজা-রানিই নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি বছর বিদায়ী শিক্ষার্থীরা সমাপনী উৎসবের অংশ হিসেবে রাজা-রানি নির্বাচন করেন। এতে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের মধ্য থেকে রাজা-রানি পদের জন্য প্রার্থী হন এবং একই ব্যাচের শিক্ষার্থীরা ভোট প্রদান করে রাজা-রানি নির্বাচন করেন।