
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
অগ্রণী ব্যাংক পিএলসি’র টাঙ্গাইল মেডিকেল কলেজ শাখার ৭ম বর্ষপূর্তি উপলক্ষে সিএমএসএমই খাতের গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ, মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অগ্রণী ব্যাংক পিএলসি’র টাঙ্গাইল মেডিকেল কলেজ শাখা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ নূর আলম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র টাঙ্গাইল মেডিকেল কলেজ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান আব্দুল মতিন খান।
অনুষ্ঠানে সিএমএসএমই (কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ) খাতের গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করা হয়। এ সময় ব্যাংকের বিভিন্ন সেবা, ঋণ কার্যক্রম এবং গ্রাহকদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে মতবিনিময় করা হয়।
বক্তারা সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করতে ব্যাংকের ঋণসেবা সহজীকরণ ও গ্রাহকবান্ধব ব্যাংকিং কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় অগ্রণী ব্যাংক পিএলসি’র টাঙ্গাইল মেডিকেল কলেজ শাখার কর্মকর্তা-কর্মচারী, ঋণগ্রহীতা ও বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা উপস্থিত ছিলেন।
পরে শাখাটির ৭ম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের শাখার উত্তরোত্তর সাফল্য, কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের কল্যাণ কামনা করা হয়।