
ভোরের বাংলা নিউজ ডেস্ক
টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ আশপাশের তিনটি প্রদেশে সরকারি কর্মীদের দুই দিনের বিশেষ ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা।
রোববার মন্ত্রিসভার বৈঠকে ২৮ ও ২৯ সেপ্টেম্বর ছুটির অনুমোদন দেওয়া হয়। ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে থাই সরকার।
তবে ছুটির দিনেও গুরুত্বপূর্ণ সরকারি কাজ চালু রাখা যাবে। সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা প্রয়োজন অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।
এই ছুটির কারণে ফেব্রুয়ারির নির্বাচনে ব্যবহৃত ব্যালট নিয়ে আদালতের একটি গুরুত্বপূর্ণ রায়ের সময়সূচিতে প্রভাব পড়তে পারে। ওই রায় নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি করতে পারে। তবে আদালত এখনো রায়ের সময় পরিবর্তন করা হবে কি না, সে বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।
শনিবার ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন রাজধানীকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করে। এর আগে ৪৮ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়। এতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বন্যার পানি জমে যায় এবং কিছু গাড়ি পানিতে আংশিক ডুবে যায়।
রোববার বৃষ্টির তীব্রতা কমে যাওয়ায় অনেক এলাকায় পানি কমতে শুরু করে। তবে কিছু বাসিন্দা এখনো নিজেদের বাড়িতে আটকা রয়েছেন।