
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের বাসাইলে তন্বী (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বাসাইল সদর ইউনিয়নের নাইকানীবাড়ি উত্তর-পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তন্বী ওই গ্রামের বাসিন্দা প্রবাসী পারভেজ (২৬)-এর স্ত্রী। তিনি মানিক মিয়ার মেয়ে। তন্বীর ১৯ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে তন্বীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে বাসাইল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাসাইল থানার উপপরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
বাসাইল থানার উপপরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।