
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল সদর থানার আব্দুর রাজ্জাক (৩৬) হত্যা মামলার এজাহারনামীয় আসামি বাছেদ (৩২) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।
র্যাব সূত্রে জানা যায়, ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত আব্দুর রাজ্জাকের পরিবার এবং আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা ও বিরোধ চলছিল। বিরোধের জেরে নিরাপত্তাহীনতার কারণে নিহতের পরিবার বিভিন্ন স্থানে ভাড়া বাসায় বসবাস করছিল।
এজাহার অনুযায়ী, গত ৩ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৮টার দিকে বাদী মো. আমির হোসেন (৪৮) তার ভাই ভিকটিম আব্দুর রাজ্জাক (৩২) ও ভাতিজা নাজমুল (১৯) কে সঙ্গে নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তারা টাঙ্গাইল সদর থানাধীন হাতিলা এলাকায় পৌঁছালে ধৃত আসামি বাছেদসহ এজাহারনামীয় অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আব্দুর রাজ্জাক ও নাজমুল গুরুতর রক্তাক্ত জখম হন।
আহতদের প্রথমে টাঙ্গাইল সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাজ্জাক মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা নং-১৪, তারিখ ৪ নভেম্বর ২০২৫ ইং রুজু করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/৩৪ ধারাসহ ৩০২ ধারা সংযুক্ত করা হয়।
মামলা দায়েরের পর র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১ জানুয়ারি ২০২৬ ইং বিকেল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল জেলার সখিপুর থানাধীন বাগভের এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় আসামি বাছেদ (৩২) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।