
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল সদর থানায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক শামিম আল মামুনের নেতৃত্বে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও টাঙ্গাইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা নবাগত ওসির সঙ্গে পরিচিত হন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার ওসি (তদন্ত) ভিক্টর বেনার্জীসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
এ সময় নবাগত ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, তিনি গত পাঁচ দিন আগে টাঙ্গাইল সদর থানায় যোগদান করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে কিশোর গ্যাং, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ জোরালো পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি বলেন, “কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সৎ ও সচেতন থেকে সম্মিলিতভাবে কাজ করলে অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। পুলিশ একা নয়, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সহযোগিতা পেলে টাঙ্গাইলকে আরও নিরাপদ করা যাবে। টাঙ্গাইলের অপরাধ নির্মূলে সদর থানা পুলিশের তৎপরতার কোনো কমতি থাকবে না।”
সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ওসিকে শুভেচ্ছা জানিয়ে টাঙ্গাইলের আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারা বলেন, সমাজে অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম ও পুলিশের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, গোলাম মুক্তার আশরাফ উদ্দিন টাঙ্গাইল সদর থানায় যোগদানের আগে বন্দর থানা-এর অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে টাঙ্গাইল সদর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে উপস্থিত সাংবাদিকরা আশাবাদ ব্যক্ত করেন।