
বগুড়া প্রতিনিধি,
বগুড়ায় টিকটক ভিডিওকে কেন্দ্র করে স্বামী–স্ত্রীর বিরোধের জেরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর মরদেহ বাড়ির টয়লেটের হাউজে লুকিয়ে রাখার ঘটনায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
ঘটনাটি ঘটেছে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুড়ুইল মধ্যপাড়া এলাকায়। নিহত মারুফা (২৫) সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের নন্দীপাড়ার মাহবুব আলীর মেয়ে। তার স্বামী মুকুল মিয়া (৩১) একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ১৩ ডিসেম্বর রাতে মারুফা তার চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। ওই অনুষ্ঠানের নাচ-গানের ভিডিও টিকটক ও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে মুকুল মিয়া তার স্ত্রীকে গলা টিপে হত্যা করেন। পরে মরদেহ বাড়ির টয়লেটের হাউজে রেখে বালু, খোয়া ও সিমেন্ট দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়।
ঘটনার পর বিষয়টি আড়াল করতে মারুফা অন্য ব্যক্তির সঙ্গে পালিয়ে গেছেন—এমন তথ্য ছড়ান মুকুল মিয়া। এমনকি ১৫ ডিসেম্বর বগুড়া সদর থানায় বাদী হয়ে স্ত্রী নিখোঁজের অভিযোগও করেন তিনি।
ওই অভিযোগের সূত্র ধরে পুলিশ ও ডিবি যৌথভাবে তদন্ত শুরু করে। বৃহস্পতিবার গভীর রাতে মুকুল মিয়াকে গ্রেপ্তার করা হলে তার দেওয়া তথ্যে নিজ বাড়ির টয়লেটের হাউজ থেকে মারুফার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।