
বাকৃবি প্রতিনিধি:
ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির প্রতিবাদে ও ৩ দফা দাবিতে ট্রেন অবরোধ করে ‘এগ্রিব্লকেড’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে কৃষি অনুষদের শিক্ষার্থীরা ওই কর্মসূচি পালন করেন।
জানা যায়, সকাল ১১ টার দিকে কৃষি অনুষদের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বাকৃবিতে অবস্থিত আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেললাইনে অবস্থান নেয়। এসময় ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটের একটি ট্রেন তারা অবরোধ করেন। প্রায় দেড় ঘন্টা পরে দুপুর সাড়ে ১২ টার দিকে অসুস্থ রোগী ও যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে তারা ট্রেনটি ছেড়ে দেয়। পরে তারা রেলপথে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যায়।
এসময় আন্দোলনকারী কৃষি অনুষদের এক শিক্ষার্থী জানান, কৃষিবিদদের কিছু কালপ্রিট ডিপ্লোমাদের দোসর হিসেবে কাজ করছে। তারা ডিপ্লোমাদের দাবির প্রতি মৌন সমর্থন ও ইন্ধন যোগাচ্ছে। তাদের উদ্দেশ্য করে বলতে চাই আমরা কৃষি সেক্টরের ধ্বংস ও অরাজকতা আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে হতে দিব না। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ডিপ্লোমাদের যে অনায্য দাবি রয়েছে তা মোকাবেলা করার চেষ্টা করব।
তিনি আরও বলেন, এই অহিংস আন্দোলনের ধারাবাহিকতায় আজকে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ফলে আজকে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। আজকে ‘এগ্রিব্লকেড’ সারা বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় সমন্বয়ে কর্মসূচি পালন করছে। তার ধারাবাহিকতায় বাকৃবি রেললাইন অবরোধ কর্মসূচি পালন করছে। কৃষি সেক্টরে যে অরাজকতা চলছে তার যদি সমাধান না করা হয় তবে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হব।
শিক্ষার্থীদের ঘোষিত তিন দফা দাবি গুলো হচ্ছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/ উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।
নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (বিএডিসি এর কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না।
শেষ দাবি কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে “কৃষিবিদ” পদবী ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।