
ঢাবি প্রতিনিধি
গতকাল বুধবার আনুমানিক সময় ১২:৩০ এর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় জনৈক শিক্ষার্থীর ফোন ছিনতাইয়ের চেষ্টাকালে এক চোরকে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে শাহবাগ থানা পুলিশ। ভূক্তভোগী শিক্ষার্থীর নাম রামীমা আক্তার তন্বী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছেন। ভূক্তভোগী শিক্ষার্থীর বর্ণনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কাজ শেষে তিনি রিক্সায় করে নিজ আবাসিক হল সুফিয়া কামাল হলে ফিরছিলেন। দোয়েল চত্বর পার হয়ে হাইকোর্ট ক্রসিং মোড়ের কিছু আগে কার্জন হল এলাকায় এক ভবঘুরে নেশাখোর তার হাতে থাবা দিয়ে আঘাত করার চেষ্টা করে এবং ফোন ছিনিয়ে নিতে চায়। পরে ভূক্তভোগী শিক্ষার্থীর সাহসী প্রচেষ্টায় আশপাশের লোকজন মিলে চোরকে ধরে ফেলে। শিক্ষার্থীর বর্ণনামতে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমকে জানানো হলেও তাদের পৌঁছাতে দেরি হয়। পরে শাহবাগ থানা পুলিশ চোরকে আটক করে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, চোরকে ওই শিক্ষার্থী ও আশপাশের লোকজন ধরে ফেলার পর সে ব্লেড বের করে নিজের গায়ে আঘাত করতে থাকে এবং অন্যদের ভয় দেখায়।
এরকম ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে ভূক্তভোগী শিক্ষার্থী ও তার সহপাঠীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রোক্টোরিয়াল বডির কাছে সহযোগিতা কামনা করেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাস এলাকায় এসব ভবঘুরে নেশাখোরদের বিচরণ নিষেধাজ্ঞার ওপর জোর দাবি জানায়।