
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও কার্যক্রমের উদ্বোধনের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন গাইবান্ধা জেলা শাখা।
রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রমানিক, সাদুল্যাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস সালাম, পলাশবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু, অধ্যাপক মাসুদার রহমান মুকুলসহ অনেকে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলাধার। কিন্তু দীর্ঘদিন ধরে পানি বণ্টন চুক্তি না হওয়া ও ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে এ অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ মারাত্মক সংকটে পড়েছে। একদিকে ভারতের পানি প্রত্যাহার, অন্যদিকে নদীভাঙন এই দুই কারণে তীরবর্তী মানুষের জীবন, জীবিকা ও বসতি হুমকির মুখে।
প্রয়োজনের সময় পর্যাপ্ত পানি না পাওয়ায় গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার মানুষের দারিদ্র্য বাড়ছে, কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে এবং নদীভাঙনে অনেক পরিবার বাস্তুচ্যুত হচ্ছে।
এ অবস্থার দ্রুত সমাধান ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন ও জীবিকা রক্ষার আহ্বান জানানো হয় স্মারকলিপিতে।