
ক্যাম্পাস প্রতিনিধি,ঢাকা কলেজ
ঢাকা, ২ অক্টোবর ২০২৪: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ ঢাকা কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল তিস্তা নদীর পুনরুদ্ধার এবং এর সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের উত্তরাঞ্চলের জনগণের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা। একই সাথে উত্তরঅঞ্চলের মানুষজন যে বৈষম্য শিকারের কথাও তারা ফুটিয়ে তুলেছেন।
উপস্থিত শিক্ষার্থীর বর্তমান সময়ে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, “তিস্তা নদীর পানি প্রবাহ কমে আসা এবং সঠিক ব্যবস্থাপনার অভাবের কারণে প্রতি বছর বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গকে বিপর্যস্ত করে দিচ্ছে। এটি শুধু কৃষি নয়, বরং হাজার হাজার মানুষের জীবন, ঘরবাড়ি ও জীবিকা ধ্বংস করছে।”
এছাড়া তারা আরও বলেন, তিস্তা নদী বাংলাদেশ ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি নদী হলেও এর সঠিক ব্যবস্থাপনার অভাবে নদীটি প্রায় শুকিয়ে যাচ্ছে। এর ফলে উত্তরবঙ্গের কৃষি, পরিবেশ এবং জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। এটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন-জীবিকার উন্নতি ঘটবে এবং দেশের অর্থনৈতিক ভারসাম্যও রক্ষা পাবে।
শিক্ষার্থীরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “বর্তমান সরকার যেনো তিস্তা মহাপরিকল্পনা ও উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। বিশেষ করে এ সময়ে সরকারের নজরদারি বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য বন্যা প্রতিরোধে কার্যকর পরিকল্পনা এবং নদী ব্যবস্থাপনায় অবিলম্বে উদ্যোগ নিতে হবে।”