
বিনোদন ডেস্ক
বিগত শেখ হাসিনা সরকার পতন ঘটেছে ৫ আগস্ট। এতদিনে একবারের জন্যেও নিজের কর্মস্থলে যাননি তৃতীয় সারির অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। কিন্তু আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) প্রথমবার শিল্পকলা একাডেমিতে হাজির হয়েছিলেন শিল্পকলায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এই অভিনেত্রী। গেলো সরকারের সময় তিনি পরিচালক হিসেবে শিল্পকলা একাডেমিতে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। আজ তিনি অফিসে প্রবেশের পরই শিল্পকলা একাডেমিতে তার সহকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তিনি ধাওয়া খেয়ে শিল্পকলা একাডেমি থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিনিয়র ইনস্ট্রাক্টর আইরিন পারভীন লোপা আজকের ঘটনা সম্পর্কে গণমাধ্যমে বলেন, তিনি (জ্যোতিকা জ্যোতি) অফিসে আসায় আমরা হতবাক হয়েছি। তিনি কীভাবে অফিসে আসেন, তিনি তো স্বৈরাচার সরকারের হয়ে কথা বলেছেন। যারা সরাসরি বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করতে উৎসাহিত করেছেন, যারা রক্ত ঝরার জন্য দায়ী – তাদের আমরা সহকর্মী হিসেবে চাই না।
এর আগে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টা পর অফিসে প্রবেশ করেন জ্যোতিকা জ্যোতি। তিনি যাওয়ার পরই বাইরে বিভিন্ন বিভাগের সহকর্মীদের জড়ো হতে দেখে জ্যোতি ভয়ে দরজা বন্ধ করে দেন। আইরিন পারভীন বলেন, আমরা তাকে বলেছি অফিস থেকে চলে যেতে। কারণ, তিনি “আলো আসবেই” নামে একটি গ্রুপে যুক্ত হয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন। এমন লোক আমরা দেখতে চাই না।
জ্যোতির সঙ্গে কী কথা হয়েছে – এই বিষয়ে আইরিন পারভীন লোপা গণমাধ্যমে বলেন, তিনি বলেছেন, এখনো নিজেকে সরকারের নিয়োগ পাওয়া কর্মকর্তা ভাবছেন। তার অধিকার রয়েছে অফিসে আসার। যে সরকার নেই, সেই সরকারের দাপট দেখাচ্ছেন। আমরা তাকে সসম্মানে চলে যেতে বলেছি।
আজকের ঘটনার সর্বশেষ সম্পর্কে জানা গেছে, বেলা ১টা ৫০ মিনিটের দিকে জ্যোতি রুম থেকে বের হয়ে যান। ঘটনা সম্পর্কে জানতে এই অভিনেত্রীকে গণমাধ্যমকর্মীরা ফোন করলেও তিনি ফোন ধরেননি। জানা যায়, গেলো বছর মার্চ মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চুক্তিভিত্তিক পরিচালকের দায়িত্ব পান জ্যোতিকা জ্যোতি।