
আবু সালেহ্ মুসা, ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে আগামী রোববার।
সারাদেশের ন্যায় ধামইরহাটেও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে পালিত হচ্ছে দূর্গা পূজা। পুলিশের পাশাপাশি আনসার সদস্যদের সক্রিয় পাহারা রয়েছে উপজেলার সবকটি পূজা মন্ডপে; রয়েছে সিসিটিভির সার্বক্ষণিক নজরদারি। উপজেলা প্রশাসনের যথাযথ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন ধামইরহাট উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ কর্মকার। তিনি বলেন, “বিগত বছরগুলোতে ৬ষ্ঠী পূজা হতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলেও এবার রয়েছে মহালয়ার দিন থেকেই , এছাড়া উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও নিরাপত্তার ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন যা খুবই ইতিবাচক “। উল্লেখ্য এবার উপজেলার ৩০টি পূজা মন্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা।