
নওগাঁ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার নব নির্বাচিত আমির হিসেবে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন খন্দকার আব্দুর রাকিব।
নওগাঁর মহাদেবপুরে জেলা আমিরের শপথ গ্রহণ উপলক্ষে আয়োজিত রুকন সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন নব নির্বাচিত আমিরকে শপথবাক্য পাঠ করান। মান্দা উপজেলার কৃতি সন্তান জনাব রাকিব সদ্য বিলুপ্ত নওগাঁ জেলা পূর্ব জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন, এছাড়াও ছাত্র জীবনে ইসলামী ছাত্রশিবিরের নওগাঁ জেলা সভাপতি এবং পরবর্তীতে বৃহত্তর নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন। উল্লেখ্য গত ১৯ শে অক্টোবর নওগাঁ নওজোয়ান মাঠে জেলা রুকন সম্মেলনে নওগাঁর সকল পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ অংশগ্রহণে জেলা আমীর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ভোট গণনার প্রক্রিয়া সম্পন্নের পর কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠক শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে নওগাঁ জেলার নব নির্বাচিত আমির হিসেবে খন্দকার আব্দুর রাকিবের নাম ঘোষণা করেন আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।
আজ জেলা আমীর হিসেবে শপথ গ্রহণ শেষে রুকনদের উপজেলা ভিত্তিক সংখ্যানুপাতিক হারে জেলা মজলিসে শূরা সদস্য এবং প্রত্যেক উপজেলা আমির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত ভোট গ্রহণ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করেন জেলার সকল পুরুষ ও মহিলা রুকন। নবনির্বাচিত জেলা আমির খন্দকার আব্দুর রাকিবের সভাপতিত্বে রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলী। অন্যান্যের মধ্যে সদ্যবিলুপ্ত নওগাঁ জেলা পশ্চিম জামায়াতের সাবেক আমির ইঞ্জিঃ এনামুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।