
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিধি আরও বিস্তৃত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্কস কমিটির আজ ১৫ মে ২০২৫ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত সভায় অতিরিক্ত ১০০ একর জমি ক্রয়ের সিদ্ধান্তসহ একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং সমন্বিত অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা থেকেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।আজকের সভায় গৃহীত অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে:
১. সীমানা প্রাচীরের চারপাশে সাইকেল লেন, হাটার জন্য ফুটপাত এবং ল্যাম্পপোস্ট বসানো।
২.দ্রুত সময়ে খেলার মাঠ সংস্কার এবং উন্নত করা ।
৩. টিএসসি ভবনের কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা।
৪. সমস্ত অভ্যন্তরীণ রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব প্রশস্ত করা।
উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম ও একমাত্র বিশ্ববিদ্যালয়, যা জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত। বর্তমানে ৬টি অনুষদের অধীনে মোট ২৫টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রায় ৮,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত।
আজকের সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রকৌশল দপ্তরের প্রধানসহ পরিকল্পনা ও প্রশাসন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে গৃহীত এই সিদ্ধান্তগুলো আগামী দিনগুলিতে শিক্ষার মান এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।