
নজরুল বিশ্ববিদ্যালয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের পাশে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকটি আমগাছের চারা রোপণ করেন।
এরপর উপাচার্য বলেন, “আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশের টেকসই উন্নয়ন ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।” তিনি আরও উল্লেখ করেন, “কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও ফাউন্ডেশনের মধ্যে নতুন সংযোগ গড়ে উঠেছে এবং দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র চালু করার ক্ষেত্রে ফাউন্ডেশনের সহযোগিতা কাম্য।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম জনি, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ফখর উদ্দিন (দ্রাবিড় সৈকত), আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রজেক্ট এক্সিকিউটিভ তারেক আজিজ, গ্রীণ ক্যাম্পাসের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
ফাউন্ডেশনটি বিশ্ববিদ্যালয়ের জন্য ১৫৮টি ফলদ গাছের চারা প্রদান করেছে। এতে রয়েছে আম, জাম, পেয়ারা, আমড়া, লেবু, জলপাই, জাম্বুরা, গোলাপ জাম, অরবরই, আমলকি ও বরইসহ বিভিন্ন প্রজাতির গাছ, যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রোপণ করা হয়।