
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :
নড়াইলে সড়ক দুর্ঘটনায় ইমন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল শহরের ধোপাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এসএম কামরুল ইসলাম কামরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ইমন ও তার বন্ধু রাজ্জাক মোটরসাইকেলযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজ্জাকের অসুস্থ ভাগ্নিকে দেখে লাহুড়িয়ার ডহরপাড়ায় ফিরছিলেন। পথে ধোপাখোলা এলাকায় রাস্তা পার হতে যাওয়া একটি বাইসাইকেলের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এসময় ইমনের মাথায় মারাত্মক আঘাত লাগে এবং রাজ্জাক সামান্য আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনের অবস্থা আশঙ্কাজনক দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। খুলনায় নেয়ার পথে ইমনের মৃত্যু হয়।
ইমনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।