
কোটচাঁদপুর সংবাদদাতা:
ঝিনাইদহের কোটচাঁদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বিএনপি কর্মীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার কুশনা ইউনিয়নের মামুনশিয়া বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যক্তি হলেন মামুনশিয়া এলাকার বাসিন্দা শামসুল হুদা, যিনি বিএনপির একজন কর্মী বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শামসুল হুদা নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫-এর ২৭(ক) ধারা লঙ্ঘন করে মামুনশিয়া বাজারে হ্যান্ডবিল বিতরণ করে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাকে দুই হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
প্রশাসন জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।