
মেহেদী হাসান
মুরাদ নগর উপজেলা
(কুমিল্লা) প্রতিনিধি
একতরফাভাবে নির্বাচন হচ্ছে অভিযোগ করে ভোট বয়কটের ঘোষণা দিয়েছে মুরাদ নগর উপজেলা গনঅধিকার পরিষদ।
কুমিল্লা জেলা গনঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক শাহজালাল সাদী
বলেন, ‘ভোটার ও সাধারণ জনতার ওপর সরকারের অব্যাহত হামলায় জনগণের জীবন আজ বিপন্ন। সর্বত্রই চলছে সশস্ত্র মহড়া। জনগণের ভোটাধিকার প্রয়োগ করা তো দূরের কথা, জান-মালের কোনও নিরাপত্তা নেই।’
‘এই একতরফা নির্বাচন কোনও অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এ ডার্মি নির্বাচন আমরা প্রত্যাখ্যান ও বয়কট করার ঘোষণা দিচ্ছি।’
মুরাদ নগর উপজেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন জানান ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই জনগণের নিকট প্রতীয়মান হয় যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকারের নির্দিষ্ট ছক ও নক্শা অনুযায়ী সম্পন্ন হতে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জোটের পক্ষ থেকে গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দেওয়া হয়।’ আন্তর্জাতিক মহল থেকেও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ব্যাপারে আহ্বান জানানো হয়।
তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ভোটারদের ওপর হামলা চালানো হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে প্রার্থী ও ভোটাররা হামলার শিকার হয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। দেশের সর্বত্রই নির্বাচনের নামে প্রহসনের নগ্ন চিত্র ফুটে উঠেছে। প্রকৃতপক্ষে এটা কোনও নির্বাচনই নয়। নির্বাচনের নামে এটি একটি ব্যালট ডাকাতির প্রহসন এবং জনগণের সঙ্গে প্রতারণা করা ছাড়া আর কিছুই নয়।