
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মীর ওয়াছেদুল হক তানজিলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (২২ মে) সকালে টাঙ্গাইল সদর থানা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম মাহবুব খান এই রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল আদালত পরিদর্শক লুৎফর রহমান।
তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মারুফ হত্যা মামলায় টাঙ্গাইল শহর ছাত্রলীগ সভাপতি মীর ওয়াছেদুল হক তানজিলের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিজ্ঞ আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর পূর্বে বুধবার রাতে রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।
তানজিল টাঙ্গাইল পৌর সভার থানা পাড়া এলাকার মৃত মীর নুরুল হক কামালের ছেলে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহাম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় থেকে অভিযান চালিয়ে বুধবার রাত ৯ টার দিকে টাঙ্গাইল শহর ছাত্রলীগ সভাপতি মীর ওয়াছেদুল হক তানজিলকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, তানজিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬টি এজাহারভুক্ত আসামি। এর মধ্যে দুটি হত্যা মামলা রয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সদর থানায় দায়েরকৃত মারুফ হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল সদর থানা আমলি আদালতের প্রেরণ করা হয়েছে। এরপর বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এদিকে তানজীলকে আদালতে তোলার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা কিল ঘুসি ও কলা চামরা দিয়ে ডিল দেয়। এছাড়া তানজিলের ছোট ভাইকে দেখে হামলা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারীরা। এসময় পালিয়ে আদালতের ভিতরে ডুকে পড়ায় আর তাকে দেখা যায়নি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের আহবায়ক আলামিন বলেন,গত কয়েকদিন আগে টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি মিছিল হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলকে নিয়ে পুলিশ সুপারের সাথে কথা বলা হয়। এরপর পুলিশ সুপার ৫ দিনের সময় চেয়ে নেন আসামীদেরকে গ্রেফতার করার জন্য। এর প্রেক্ষিতে ৩ দিনের মাথায় টাঙ্গাইলের শীর্ষ সন্ত্রাসী তানজিলকে গ্রেফতার করে পুলিশ।এ জন্য জেলা পুলিশ ও সদর উপজেলা পুলিশকে ধন্যবাদ জানাই। এছাড়া টাঙ্গাইলের যত আওয়ামীলীগের দোসর রয়েছে সবাইকে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।