
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেগেছে রে জেগেছে, হিন্দু জেগেছে’ এই স্লোগানে প্ল্যাকার্ড হাতে ৮ দফা দাবি বাস্তবায়নে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ।
রবিবার (১১ আগস্ট) দুপুর ২ টার দিকে পৌর শহরের কেন্দীয় শহীদ মিনার থেকে প্রায় পাচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হয়ে সমাবেশ করে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু পরিষদসহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাঙচুর, অত্যাচার ও মন্দিরে হামলার প্রতিবাদসহ তাদের বিভিন্ন দাবি তুলে ধরে তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী লিটন পন্ডিত বলেন, আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে একই সমাজে বসবাস করি। আমাদের সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে, আমাদের মন্দিরে হামলা হচ্ছে। যারা এ হামলা-অত্যাচার করছে, তারা কোনো দলের না, তাদের একটাই পরিচয় তারা সন্ত্রাসী।
সংখ্যালঘুদের ওপর অত্যাচার, তাদের ঘরবাড়ি লুটপাটকারী ও মন্দিরে হামলাকারীদের বর্তমান সরকারের কাছে বিচার চেয়েছেন তারা।
এ সময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেত্রকোনা জেলার সভাপতি শ্রী গ্যানেশ সরকার, শ্রী রিপন সরকার, শ্রী অজিত সাহা সহ জেলার গণ্যমান্য ব্যক্তিগণ।