
দিনাজপুর জেলা প্রতিনিধি
মোঃ শাহীন ইসলাম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪(চিরিরবন্দর- খানসামা) আসনে নৌকার প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মুল প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম তারিক।
স্বাধীনতার পর থেকে এই আসনটি আওয়ামীলীগের দখলে আছে।
এবার এখানে ৪ জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন। নৌকা ও ট্রাক ছাড়াও বাকি দুজন হলেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোনাজাত চৌধুরী মিলন ও ন্যাশনাল পিপলস পার্টির(এনপিপি) আম প্রীতিকের প্রার্থী আজিজা সুলতানা।
সরেজমিনে নির্বাচনী মাঠ ঘুরে দেখা যায়, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ এবং চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা ও সাধারণ সম্পাদক আলিম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী নৌকার পক্ষে সক্রিয়ভাবে কাজ করছে। অন্যদিকে ট্রাক প্রতীকের পক্ষে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাড. শামসুর রহমান পারভেজ, খানসামা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রত্ন বিএসসি ও আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও ধীমান দাস, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজার,অমরপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন গাজী আউলিয়াপুকুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ কাজ করছে।
এছাড়াও নৌকার মনোনয়ন বঞ্চিত সাবেক হুইপ মিজানুর রহমান মানু, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে নৌকা প্রতীকের প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। তবে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের অধিকাংশ অনুসারীকে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলামের পক্ষে সক্রিয় আছে বলে জানা যায়।
এই নির্বাচনে প্রকাশ্যে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের এই বিভক্তিতে বেশ দোটানায় পড়েছে তৃণমূলের কর্মীরা।