
বিনোদন ডেস্ক
বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিতব্য ছবি ‘আমি ইয়াসমিন বলছি’ নামের একটি চলচ্চিত্রে গেলো বছর চুক্তিবদ্ধ হয়েছিলেন তারকা মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। এটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা সুমন ধর। জানা গেছে, ছবিটির নির্মাণ কাজ শীঘ্রি শুরু হচ্ছে। বর্তমানে এটির প্রি-প্রোডাকশন ও শিল্পীদের সঙ্গে চুক্তি পর্ব শুরু হচ্ছে। শিগগিরই শুটিং ফ্লোরে যাবেন তিনি।
নির্মাতা সূত্রে জানা গেছে, আউটডোরে শুটিং করার মতো অবস্থা এখনও আসেনি। ইয়াসমিন বলছি’র কাজ দিনাজপুর ও ঢাকার আউটডোরে হবে। এখন সব গুছিয়ে নেওয়া হচ্ছে। পরিবেশ অনুকূলে আসা মাত্র শুটিং শুরু হবে বলে জানা গেছে।
ছবিটির কাহিনী সম্পর্কে জান যায়, ১৯৯৫ সালের ২৩ আগস্ট রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি বাসে করে দিনাজপুরের দশমাইল মোড় এলাকায় নামেন ইয়াসমিন আক্তার নামের এক কিশোরী। তার বয়স ছিল আনুমানিক ১৬ বছর। ওই এলাকায় একটি পানের দোকানের সামনে তিনি অপেক্ষা করছিলেন দিনাজপুরগামী বাসের জন্য। সে সময় টহল পুলিশের একটি ভ্যান আসে এবং একপ্রকার জোর করেই তাকে দিনাজপুরে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যায়। পরদিন সকালে কিশোরীটির মরদেহ পাওয়া যায় গোবিন্দপুর নামক জায়গায়।
ওই ঘটনায় দিনাজপুরের মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন। আন্দোলন গড়ে তোলেন। সেই আন্দোলনে আবার পুলিশ গুলি চালায়। সে সময় নিহত হন সাতজন মানুষ, আহত দুই শতাধিক। এর ফলে প্রতিবাদের ফুলকি ছড়িয়ে যায় গোটা দেশে। এই ঘটনা অবলম্বনেই নির্মাণ হবে ছবিটি। ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন মিম।