
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল শহরের ডিসি লেককে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (৩১ জুলাই) সকালে তিনি নিজ হাতে কচুরিপানা অপসারণে অংশ নেন এবং সংশ্লিষ্টদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
সাংবাদিকদের তিনি বলেন, ডিসি লেক টাঙ্গাইলের সৌন্দর্যের গুরুত্বপূর্ণ অংশ। পর্যায়ক্রমে পুরো লেক পরিষ্কার করে এটিকে একটি আধুনিক পর্যটনকেন্দ্রে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে চর এলাকাকেও বৃহৎ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শহর পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে লেকে যেন কচুরিপানা ও ময়লা না জমে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ সময় জেলা প্রশাসক শরিফা হক, জেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।