
রিয়া মনি
রাজধানীর পল্লবীতে একটি আবাসন প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় হামলা ও গুলিবর্ষণের অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে হত্যা, মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ আব্বাস (২৯), মোঃ ইয়ামিন (২৭), মোঃ সোহেল (২৩), মোঃ মাজহারুল (৩০) ও মোঃ চাঁদ মিয়া (২২)।
র্যাব-৪ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি জানান, রাজধানীর পল্লবী এলাকায় রবিবার (১৩ জুলাই) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, ১১ জুলাই পল্লবীর আলব্দির টেক এলাকায় অবস্থিত ‘এ কে বিল্ডার্স’ নামের একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে একদল দুর্বৃত্ত। দাবি আংশিক পূরণ না হওয়ায় তারা প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়ে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর পল্লবী থানায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে র্যাব-৪ ঘটনাটি ছায়া তদন্তে নেয় এবং তদন্তের ধারাবাহিকতায় রোববার রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে, তারা ‘জামিল’ নামের এক ব্যক্তির প্ররোচনায় হামলায় অংশ নেয়। এদের মধ্যে সোহেল, আব্বাস ও চাঁদ মিয়ার বিরুদ্ধে তিনটি করে এবং আব্বাসের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে মাদক, হত্যা ও ডাকাতি সংক্রান্ত অভিযোগ।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এই হামলায় জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, একই ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।