
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
পালিত নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে মোঃ কাবেল আকন্দ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। শুক্রবার (১ মে ২০২৬) দিবাগত রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভবানীপুর চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম (১০) একজন মাদ্রাসা শিক্ষার্থী। শৈশব থেকেই তাকে পালিত কন্যা হিসেবে লালন-পালন করছিল অভিযুক্ত কাবেল আকন্দ। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মেয়েটিকে কু-প্রস্তাব দিতেন এবং ভয়ভীতি ও প্রলোভন দেখাতেন।
গত ৬ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার নিজ বসতঘরে টিভি দেখার সময় ওই নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভিকটিমের মা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, টাঙ্গাইলে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ১৫ মার্চ ২০২৬ তারিখে টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়।
মামলার পর থেকেই পলাতক আসামিকে গ্রেফতারে তৎপর ছিল র্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।