
আন্তর্জাতিক ডেস্ক
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফরে যাচ্ছেন সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এটি ইতিহাসে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সরকারি ওয়াশিংটন সফর হতে যাচ্ছে।
শনিবার (১ নভেম্বর) দামেস্কে নিযুক্ত মার্কিন বিশেষ দূত টম ব্যারাক এই তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্সের।
বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা ও ভূরাজনীতি বিষয়ক সম্মেলন ‘মানামা ডায়ালগ’-এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় টম ব্যারাক বলেন, ‘আমরা আশা করছি, প্রেসিডেন্ট শারার এই সফরের মাধ্যমে সিরিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইসলামিক স্টেট (আইএস) বিরোধী জোটে যোগ দেবে। ‘
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী ১০ নভেম্বরের দিকে শারা ওয়াশিংটন সফর করতে পারেন। এ সফরকে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া সিরীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই প্রেসিডেন্ট শারা ওয়াশিংটন সফরে যেতে পারেন।