
(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার ওরফে টোকাই সাগর ও তার সহযোগী স্বপন হোসেন খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। হত্যাকাণ্ডের চারদিন পর বৃহস্পতিবার নিহত সাগরের বোন রুখসানা আকতার বর্ষা বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, আশেকপুর ইউপি চেয়ারম্যান স্বেচ্ছাসেবকলীগ নেতা হযরত আলীকে প্রধান আসামী করে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১০জনকে। মামলা বিষয়টি নিশ্চিত করেছেন এসব তথ্য শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোটমন্ডলপাড়ায় একটু পোল্ট্রি ফার্মের সামনে রাস্তার পাশ থেকে শাবরুল এলাকার শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবকলীগ কর্মী সাগর বাহিনীর প্রধান সাগর তালুকদার ও তার সহযোগী স্বপন হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় অপর এক সহযোগীর কাটা হাতও উদ্ধার করা হয়।
নিহত সাগর তালুকদার শাবরুল হাটখোলাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং নিহত স্বপন হোসেন একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। নিহত সাগর হোসেনের নামে ২টি হত্যাসহ ১৭টিরও বেশি মামলা রয়েছে। ওসি আরো জানান, সাগর ও স্বপন হত্যাকাণ্ডের ঘটনায় আশেকপুর ইউপি চেয়ারম্যান হযরত আলীসহ মোট ১৯জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।