
বরিশাল প্রতিনিধি: বরিশাল এবং ঝালকাঠির বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গনী। মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
সোমবার (০৭ অক্টোবর) সকাল ১০ টায় বরিশাল মহানগর সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, সাগরদী বাজার, ঝালকাঠি জেলার ঈশ্বরকাঠি সিকদার বাড়ী শ্রী শ্রী দূর্গা মন্দির নলছিটি এবং শ্রী শ্রী মদনমোহন ঠাকুর (বিগ্রহ), আখড়া মন্দির ও রামকৃষ্ণ সেবাশ্রম, ঝালকাঠি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আনসার বাহিনীর এ কর্মকর্তা।
প্রতিটি মন্দির পরিদর্শনকালে তিনি মন্ডপ গুলোর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং সেচ্ছাসেবক কমিটির সদস্যদের কাছ থেকে সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা সংযোজন, বিদ্যুতের বিকল্প হিসাবে জেনারেটরের ব্যবস্থা রাখা এবং শক্তিশালী স্বেচ্ছাসেবক দল রাখার পক্ষে মত ব্যক্ত করেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ২২ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক সদন চাকমা, পটুয়াখালী‚ বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, ঝালকাঠির জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাবৃন্দ।
মন্ডপ পরিদর্শন কালে মোঃ আসাদুজ্জামান গনী বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক পূজা মন্ডপ পরিদর্শন করছি। আনসার বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা মন্ডপে দায়িত্ব পালন করবেন এছাড়াও রেঞ্জের অধীনস্ত ২২ আনসার ব্যাটালিয়ন হতে প্রতি জেলায় একটি করে এবং বরিশাল মহানগরের জন্য ১ টি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে যা পূজামন্ডপসমূহের নিরাপত্তা ও আইনশৃংঙ্খলা রক্ষার দায়িপ্ত পালন করবেন। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আমরা সবাই মিলে একটি কার্যকরী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবো।
তিনি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ৩২ হাজার ৬৬৬ টি মণ্ডপের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২ লক্ষ ১২ হাজার ১৯২ জন সদস্যকে মোতায়েন করা হয়েছে। আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত তারা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।