
বশেমুরবিপ্রবি প্রতিনিধি :
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের জন্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়েদ মোস্তফা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা আরমিন মীম।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি আমজাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন। বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সভাপতি জুবায়েদ মোস্তফা বলেন, “বাংলাদেশের তরুণ লেখকদের সবচেয়ে বড় প্ল্যাটফর্মের সভাপতির দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। আমাদের শাখাকে এমন উচ্চতায় নিয়ে যেতে চাই, যা পরবর্তীতে রোল মডেল হিসেবে চিহ্নিত হবে। আমরা একসঙ্গে কাজ করে শাখায় নতুন উদ্দীপনা নিয়ে আসতে সক্ষম হবো।”
সাধারণ সম্পাদক সানজিদা আরমিন মীম বলেন, “আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সবার সহযোগিতায় বশেমুরবিপ্রবি শাখায় নতুন মাত্রা যোগ করতে চাই। আশা করছি, এ বছর আমরা শাখাকে ভালো কিছু উপহার দিতে পারবো।”
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সালের ২৩ জুলাই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম যাত্রা শুরু করে। তরুণ লেখকদের লেখালেখির দক্ষতা বাড়াতে পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা, এবং বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে সংগঠনটি।