
রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে হুমায়রা আক্তার তিন্নি নামে এক শিক্ষার্থী। মঙ্গলবার সকালে পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় সে। তিন্নি রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিন্নির বাবা আব্দুল ওহাব রতন পীরগাছা বাজারে পানের আড়তদার ছিলেন।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন আব্দুল ওহাব রতন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে স্থানান্তর করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
স্বজনরা জানান, সোমবার রাতে মোটরসাইকেলযোগে পীরগাছা বাজার থেকে অনন্তরাম (দশগাঁ) গ্রামের বাড়িতে ফিরছিলেন আব্দুল ওহাব রতন। উপজেলা পরিষদের সামনে পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়ে সড়কে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হলে হাসপাতালে ভর্তি করা হয়।
তিন্নির চাচা আবু হানিফ বিপ্লব বলেন, বাবার মৃত্যুর পর তিন্নি মানসিকভাবে ভেঙে পড়লেও স্বজনদের কথায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে যায়।
কেন্দ্র সচিব নজরুল ইসলাম বলেন, তিন্নির বাবার মৃত্যুর বিষয়টি আমরা সকালেই জানতে পেরেছিলাম। সে সবার সঙ্গে বসে পরীক্ষায় অংশ নিয়েছে। এক হাতে বারবার চোখ মুছছিল, আর অন্য হাতে পরীক্ষার খাতায় লিখেছে তিন্নি।
পরীক্ষা শেষে তিন্নি বলে, বাবা আমাকে অনেক ভালোবাসতেন। বাবা চাইতেন আমি যেন পড়ালেখা করে অনেক বড় হই। তাই এমন অবস্থায়ও আমি পরীক্ষায় অংশ নিয়েছি।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, বাবা হারানোর শোক নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে তিন্নি। বিষয়টি কেন্দ্র সচিবকে জানানো হয়েছিল।