
আশিক হাসান সীমান্ত রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা রাবেয়া এন্ড বিক্স ইট ভাটায় গত ১৪ ই আগষ্ট বিকাল ৫.৩০ মিনিটে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
রাবেয়া এন্ড বিক্স ইটভাটার স্বত্বাধিকারী মোঃ নাসির উদ্দিন বলেন গত ১৪ ই আগষ্ট বিকাল ৫.৩০ মিনিটের দিকে পাংশার রইচউদ্দিন ও ইসলামপুর ইউনিয়নের কাটাবাড়ীয়া গ্রামের বিএনপি নেতা সগীর মন্ডল দল পাকিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমার ইট ভাটায় হামলা চালিয়ে ১৪ টি সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে, ভেকু মেশিন ও চেয়ার টেবিল ভাংচুর করে। ম্যানেজারকে মারপিট করে নগদ ৫৫ হাজার টাকায় ছিনিয়ে নেয়।
আকস্মিক এ হামলার কারন কি জানতে চাইলে ভাটা মালিক নাসির বলেন ভাটা স্থাপনের সময় আমি ও রইচউদ্দিন দুইজনে যৌথ পার্টনার ছিলাম। সে আমার সাথে ব্যবসা না করে বিভিন্ন সময় ঝামেলা করে আসছে। এ বিষয়ে ২০২১ সালে ভাটার উপর শালিশী বৈঠক বসে। সেখানে সিদ্ধান্ত হয় রইচউদ্দিনের পাওনাকৃত টাকা পরিশোধ করতে হবে আমাকে। আমি সব টাকা তাকে পরিশোধ করতে রাজি থাকলেও এখন সে বিএনপি নেতা কর্মীদের নিয়ে আরো মোটা অংকের টাকা দাবি করছে। আমাকে বল প্রয়োগ করে টাকা আদায়ের চেষ্টা করছে।
হামলা, ভাংচুর ও লুটপাটের বিষয়ে রইচ উদ্দিন ও সগীর মন্ডল কে অভিযুক্ত করে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভাটা মালিক নাসির উদ্দিন। ঘটনা স্থল বালিয়াকান্দি থানা পুলিশ পরিদর্শন করেছে।
