
জিয়ারত জুয়েল : গ্রাহকসেবার মান উন্নয়ন, বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে টাঙ্গাইলের বাসাইলে পল্লী বিদ্যুতের উদ্যোগে উঠান বৈঠক ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির বাসাইল জোনাল অফিসের আয়োজনে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নলগাইড়া বাজারে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, গ্রাহকবান্ধব সেবা নিশ্চিতকরণ, বিদ্যুৎ সাশ্রয়, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার এবং গ্রাহক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।বক্তারা বলেন, বিদ্যুৎ জাতীয় সম্পদ। তাই বিদ্যুৎ চুরি প্রতিরোধে সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কোথাও বিদ্যুৎ চুরি বা সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে দ্রুত পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানাতে গ্রাহকদের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ট্রান্সফরমার চুরি রোধে স্থানীয় জনগণের নজরদারি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করা হয়।গণশুনানীতে গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের গুরুত্ব তুলে ধরা হয়। নিয়মিত বিল পরিশোধ করলে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন হওয়া ও অন্যান্য জটিলতা এড়ানো সম্ভব বলে জানানো হয়।
এসময় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহের বর্তমান পরিস্থিতি এবং লোডশেডিংয়ের বাস্তবতা সম্পর্কে গ্রাহকদের অবহিত করা হয়। পাশাপাশি অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার পরিহার করে বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে জাতীয় সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।এছাড়া রাইট অব ওয়ে (Right of Way) সংরক্ষণ, বন্যাকালে বিদ্যুৎ দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার এবং হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার বিষয়ে গ্রাহকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। সেবা গ্রহণে কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন না হয়ে সরাসরি পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ এবং সব ধরনের অর্থ লেনদেনে অফিসিয়াল রশিদ সংগ্রহের অনুরোধ জানানো হয়।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন, বাসাইল জোনাল অফিসের ডিজিএম মো. মহিউদ্দিন, এজিএম (সদস্য সেবা) তারিক বিন আব্দুল মান্নান, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।